সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন—“আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, তারেক রহমান তা করে দেখালেন।” এই বক্তব্যটি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান-কে জড়িয়ে তার মন্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।
তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, এই দাবি সঠিক নয়। প্রাসঙ্গিক অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, সরকারি সূত্র বা তার ব্যক্তিগত/অফিসিয়াল প্ল্যাটফর্মে এমন কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। আলোচিত ফটোকার্ডটিও কোনো প্রামাণ্য সংবাদভিত্তিক উৎস নয়।
বিশ্লেষণে দেখা যায়, প্রচারিত পোস্টটি একটি ব্যঙ্গাত্মক বা স্যাটায়ারধর্মী কনটেন্ট থেকে নেওয়া, যা পরবর্তীতে বাস্তব মন্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ ধরনের কনটেন্ট বিকৃতভাবে প্রচার করে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া, মনগড়া এবং বিভ্রান্তিকর।

