সাম্প্রতিক বিশ্বকাপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শিশুর ছবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ছবিতে দেখা যায়, কথিত এক জাপানি শিশু কালেমা-সংবলিত টি-শার্ট পরে স্টেডিয়ামে খেলা উপভোগ করছে। দাবি করা হচ্ছে, স্টেডিয়ামের সম্প্রচার ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ছবিটি ঘিরে বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ধর্মীয় আবেগ প্রকাশ করে এটি ব্যাপকভাবে শেয়ার করছেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি বাস্তব কোনো আলোকচিত্র নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে ছবিটির সম্ভাব্য উৎস হিসেবে hadiyyainriyadh নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টের সন্ধান পাওয়া যায়। একই পোস্টে একই শিশুর আরও একটি অনুরূপ ছবি প্রকাশ করা হয়েছে। পোস্টের ক্যাপশন ও হ্যাশট্যাগ বিশ্লেষণে বোঝা যায়, ছবিগুলো বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন জানিয়ে প্রচার করা হয়েছে। তবে ছবিতে ব্যবহৃত জার্সির নকশা, কালেমার হরফ এবং অন্যান্য গ্রাফিক উপাদানে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। এছাড়া পোস্টে #AI হ্যাশট্যাগ ব্যবহৃত হওয়াও ছবিগুলো কৃত্রিমভাবে তৈরি হওয়ার ইঙ্গিত দেয়।
বিষয়টি আরও নিশ্চিত করতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ পরীক্ষা করা হলে সেটি প্রায় শতভাগ সম্ভাবনায় এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত হয়। ফলে স্পষ্ট হয় যে, বিশ্বকাপের গ্যালারিতে কালেমা-সংবলিত টি-শার্ট পরিহিত শিশুর ভাইরাল ছবিটি কোনো বাস্তব ঘটনার প্রতিফলন নয়।
এছাড়া অনুসন্ধানে শিশুটির জাতীয়তা, ধর্মীয় পরিচয় বা পারিবারিক পরিচয় সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে তাকে ‘জাপানি শিশু’ হিসেবে পরিচয় দেওয়ার দাবিরও কোনো গ্রহণযোগ্য প্রমাণ মেলেনি।
সুতরাং, বিশ্বকাপে কালেমা-সংবলিত টি-শার্ট পরা ‘জাপানি শিশুর’ ভাইরাল ছবিটি বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ছবি, আর এ ছবিকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।

