সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করে দাবি করা হচ্ছে যে, গাইবান্ধায় হিন্দু সম্প্রদায়ের লোকজন অ’স্ত্রশস্ত্র নিয়ে স’শস্ত্র মহড়া দিচ্ছে। গাইবান্ধায় সম্প্রতি ঘটে যাওয়া অন্যান্য ইস্যুর সাথে মিলিয়ে এই ভিডিওটি ছড়িয়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে।
তবে বিস্তারিত ডিজিটাল অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিডিওটির সাথে হিন্দু সম্প্রদায় বা গাইবান্ধার কোনো সম্পর্ক নেই। মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটি গত ২৬ জুন ২০২৬ তারিখে মানিকগঞ্জে অনুষ্ঠিত পবিত্র আশুরার তাজিয়া মিছিলের একটি খণ্ডচিত্র। আশুরার এই মিছিলে অংশগ্রহণকারীরা তাদের দীর্ঘদিনের ধর্মীয় প্রথা ও ঐতিহ্য হিসেবে বিভিন্ন দেশীয় অ’স্ত্র বহন করছিলেন।
অর্থাৎ, বাস্তব একটি ভিন্ন ঘটনাকে (মানিকগঞ্জের তাজিয়া মিছিল) কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটিকে গাইবান্ধার হিন্দুদের সশস্ত্র মহড়া বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। এ ধরনের ভিত্তিহীন তথ্য ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং অযথা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির ঝুঁকি তৈরি করে।
সুতরাং, গাইবান্ধায় হিন্দু সম্প্রদায়ের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া দিচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

