১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃ`ত্যুবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক পক্ষের বক্তব্য ও প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ার মধ্যে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের নামে একটি মন্তব্য প্রচার করা হয়। ভাইরাল ফটোকার্ডে দাবি করা হয়, তিনি বলেছেন, “শেখ মুজিবের মৃ`ত্যুতে আর কয়জন তারকা শোক জানিয়েছে? আমার নেতা তারেক রহমান মরলে তার মৃ`ত্যুদিনে হলিউড-বলিউডের সবাই শোক জানাবে।”
অনুসন্ধানে দেখা যায়, রবিউল ইসলাম নয়নের নামে প্রচারিত এই মন্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই। প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করেও কোনো গণমাধ্যম, সাক্ষাৎকার কিংবা বিশ্বস্ত সূত্রে তার এমন বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। একইভাবে, তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক পোস্ট ও বক্তব্য পর্যালোচনাতেও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি।
অন্যদিকে, ভাইরাল ফটোকার্ডটির উৎস অনুসন্ধানে ‘NewsTime TV’ নামের একটি ফেসবুক পেজে গত ১৫ আগস্ট একই ফটোকার্ডের পোস্ট পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনেই এটিকে কাল্পনিক ও ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। পেজটির অন্যান্য পোস্ট পর্যালোচনাতেও একই ধরনের প্যারোডি ও ব্যঙ্গাত্মক কনটেন্টের উপস্থিতি দেখা যায়। অর্থাৎ, মূল পোস্টটি বাস্তব সংবাদ হিসেবে নয়, বরং ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই প্রকাশ করা হয়েছিল।
পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করতে রবিউল ইসলাম নয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এমন কোনো মন্তব্য করেননি এবং প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া।
অতএব, একটি স্যাটায়ার পেজে প্রকাশিত কাল্পনিক বক্তব্যকে বাস্তব মন্তব্য হিসেবে উপস্থাপন করে রবিউল ইসলাম নয়নের নামে প্রচার করা হয়েছে।

