সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি বলেছেন— “আওয়ামী লীগ আমলে অনেকে টাকা না দিয়েই ১৭ বছর বিদ্যুৎ সেবা ব্যবহার করেছে, শুধুমাত্র তাদেরই বিদ্যুৎ বিল ২/৩ গুণ বেশি আসছে।”
তবে অনুসন্ধানে জানা যায়, আলোচিত বক্তব্যটি রুহুল কবির রিজভীর নয়। তিনি নিজেই এক বিবৃতিতে তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।
গত ৩ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত ওই বিবৃতিতে রিজভী জানান, একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল তার নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া বক্তব্যটি প্রচার করেছে। তিনি স্পষ্ট করেন, আলোচিত মন্তব্যটি বিএনপির দপ্তর থেকে কোনো মাধ্যমে পাঠানো বা প্রকাশ করা হয়নি এবং বক্তব্যটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
বিবৃতিতে সাধারণ জনগণসহ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের এ ধরনের ভুয়া প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটির সত্যতা সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই অস্বীকার করেছেন।
সুতরাং, ‘আওয়ামী লীগ আমলে টাকা না দিয়ে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিল বর্তমানে ২/৩ গুণ বেশি আসছে’—শীর্ষক মন্তব্যটি রুহুল কবির রিজভী করেননি। তার নাম ও পরিচয় ব্যবহার করে বক্তব্যটি তৈরি ও প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর।

