সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়ে পড়েছে যে, উচ্চশিক্ষায় বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস, দর্শনসহ কয়েকটি বিষয় বাতিল করা হচ্ছে এবং প্রযুক্তিনির্ভর বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। দাবিটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
তথ্য যাচাই করে দেখা যায়, অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব বিভাগ বাতিলের খবর সঠিক নয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন স্পষ্টভাবে বলেছেন, কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি এবং ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নতুন কিছু বিষয় সংযোজনের সম্ভাবনা নিয়ে পর্যালোচনা চলছে।
এছাড়া, শিক্ষা খাতে চলমান সংস্কার কার্যক্রম ও নতুন শিক্ষাক্রম নিয়ে আলোচনা থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবির মতো বাংলা, ইতিহাস বা দর্শন বিভাগ বিলুপ্ত করার কোনো সরকারি ঘোষণা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারাও জানিয়েছেন, এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
অর্থাৎ, নতুন বিষয় যুক্ত করার সম্ভাবনা ও শিক্ষাক্রম সংস্কার সংক্রান্ত আলোচনাকে কেন্দ্র করে অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল করা হচ্ছে—এমন দাবি প্রচার করা হয়েছে, যার পক্ষে কোনো সরকারি সিদ্ধান্ত বা নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই।
সুতরাং, অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল করা হচ্ছে দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

