সম্প্রতি The Wall নামক একটি ভারতীয় অনলাইন পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, আগামী ৫ এপ্রিল থেকে বাংলাদেশে সরকারি কর্মচারীরা সপ্তাহে তিন দিন অফিসে এবং দুই দিন বাসা থেকে (ওয়ার্ক ফ্রম হোম) কাজ করবেন। জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় এবং একটি কথিত সরকারি প্রজ্ঞাপন সংযুক্ত করে সংবাদটিকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করা হয়।
তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত Ministry of Public Administration বা বাংলাদেশ সরকারের অন্য কোনো দায়িত্বশীল সংস্থা থেকে গ্রহণ বা প্রকাশ করা হয়নি। সরকারের কোনো অফিসিয়াল ওয়েবসাইট, যাচাইকৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিংবা দেশের স্বনামধন্য গণমাধ্যমে এমন কোনো তথ্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
বিশ্লেষণে আরও দেখা যায়, প্রচারিত প্রজ্ঞাপনটি সম্পূর্ণ জাল ও এআই-জেনারেটেড।
এতে একাধিক অসংগতি স্পষ্টভাবে পরিলক্ষিত হয়—
প্রজ্ঞাপনে কোনো বৈধ ফোন নম্বর নেই; “xxx” দিয়ে placeholder ব্যবহার করা হয়েছে
স্বাক্ষরের তারিখ ও ফরম্যাট সরকারি নথির প্রচলিত নিয়ম অনুসরণ করেনি
ব্যবহৃত সিল ভুয়া; দাপ্তরিক সিলের স্বাভাবিক গোলাকৃতি ও গঠন নেই
এই ধরনের প্রজ্ঞাপনে সাধারণত আলাদা সিল ব্যবহারের প্রয়োজন হয় না, তবুও অপ্রাসঙ্গিকভাবে সিল বসানো হয়েছে
সিলে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” লেখার পরিবর্তে বিকৃত/অসঙ্গত ভাষা (পুরুলিয়া ধাঁচের) ব্যবহার করা হয়েছে
সংশ্লিষ্ট উপসচিবের নাম ভুলভাবে লেখা হয়েছে (আসল বানান “আছাদুজ্জামান”, কিন্তু ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে)
প্রদত্ত ই-মেইল ঠিকানা অপ্রামাণিক ও সরকারি ডোমেইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়
ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড ও লেআউটে এডিটিংয়ের চিহ্ন (blurry effect) স্পষ্টভাবে দৃশ্যমান
“E-nothi” উল্লেখ করা হয়েছে, যেখানে বর্তমানে সরকারি কার্যক্রমে “D-Nothi” ব্যবহৃত হয়
প্রজ্ঞাপনের ভাষা, বিন্যাস ও কাঠামো সরকারি নথির মানদণ্ড অনুসরণ করেনি
কোনো অফিসিয়াল স্মারক নম্বর, ফাইল রেফারেন্স বা যথাযথ নথিভুক্তিকরণ কাঠামো সঠিকভাবে উপস্থাপন করা হয়নি
উপরোক্ত অসংগতিগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে, প্রচারিত প্রজ্ঞাপনটি কৃত্রিমভাবে তৈরি এবং এতে এআই প্রযুক্তি ব্যবহারের শক্ত ইঙ্গিত রয়েছে।
সুতরাং, ‘The Wall’-এ প্রকাশিত ওয়ার্ক ফ্রম হোম সংক্রান্ত সংবাদ এবং এর সঙ্গে যুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে প্রচারিত প্রজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

