সম্প্রতি ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী ধানমন্ডি ৩২-এ গিয়ে ছবি তুলেছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটি ব্যবহার করে তাঁকে ওই স্থানে উপস্থিত ছিলেন বলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তবে ছবিটির সত্যতা যাচাই করে দেখা যায়, এটি বাস্তব কোনো ঘটনার আলোকচিত্র নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদিত।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সূত্রে তথ্য পাওয়া যায়নি। মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করেও ধানমন্ডি ৩২-এ তাঁর ছবি তোলার দাবির সমর্থনে কোনো পোস্ট বা ছবি খুঁজে পাওয়া যায়নি।
ছবিটি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে তাঁর মুখাবয়ব এবং ছবির পারিপার্শ্বিক উপাদানে কিছু অসংগতি চোখে পড়ে। এসব অসংগতি ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করে। পরবর্তী যাচাইয়ে গুগলের জেমিনিতেও ছবিটি এআইয়ের সাহায্যে তৈরি বা সম্পাদিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
অর্থাৎ, ছবিটিতে গিয়াস উদ্দিন তাহেরীকে ধানমন্ডি ৩২-এ উপস্থিত দেখানো হলেও, তাঁর সেখানে যাওয়া বা ছবি তোলার দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। বরং ছবির দৃশ্যগত অসংগতি এবং এআই যাচাইয়ের ফলাফল থেকে এটি কৃত্রিমভাবে তৈরি বা সম্পাদিত বলে প্রতীয়মান হয়।
সুতরাং, ধানমন্ডি ৩২-এ মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ছবি তোলার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত বা সম্পাদিত।

