সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজের আদলে তৈরি একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্ক্রিনশটে লেখা হয়েছে, “সামান্য বিদ্যুৎ থাকে না বলে আমাদের কত অভিযোগ, অথচ কবরের অন্ধকার কত চিরস্থায়ী।” পোস্টটি দেখে মনে হতে পারে, এটি প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই প্রকাশ করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত স্ক্রিনশটটি প্রধানমন্ত্রীর কোনো প্রকৃত ফেসবুক পোস্টের ছবি নয়। বরং একটি মিম ও স্যাটায়ার পেজের পোস্টকে প্রধানমন্ত্রীর বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
আলোচিত বক্তব্যটি ব্যবহার করে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করেও কোনো নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন বা সূত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত বক্তব্যের কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, মূল পোস্টটি ছিল একটি স্যাটায়ারধর্মী কনটেন্ট। সেটির প্রেক্ষাপট বাদ দিয়ে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজের আদলে স্ক্রিনশট তৈরি করে প্রচার করায় এটি প্রধানমন্ত্রীর প্রকৃত বক্তব্য বলে বিভ্রান্তি তৈরি হয়েছে।
সুতরাং, “সামান্য বিদ্যুৎ থাকে না বলে আমাদের কত অভিযোগ, অথচ কবরের অন্ধকার কত চিরস্থায়ী”—এই বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পোস্ট হিসেবে প্রচার করা স্ক্রিনশটটি ভুয়া। এটি একটি স্যাটায়ার পোস্টকে প্রধানমন্ত্রীর বক্তব্য হিসেবে প্রচারের ঘটনা।

