
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর নাচের একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, এটি বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হকের মদ্যপ অবস্থায় নাচের দৃশ্য। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়াও দেখা গেছে।
তবে অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে থাকা নারী ফাহমিদা হক নন। প্রকৃতপক্ষে, ইন্টারনেটে দীর্ঘদিন ধরে প্রচারিত ভিন্ন এক নারীর পুরোনো নাচের ভিডিওকে ফাহমিদা হকের নামে প্রচার করা হয়েছে।
ভিডিওটির উৎস অনুসন্ধানে ইউটিউবের ‘vijjumovies2012’ চ্যানেলে ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি প্রকাশিত একই ভিডিওর সন্ধান পাওয়া যায়। সেখানে ভিডিওতে থাকা নারীকে ভারতীয় হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার ‘One, Two, Three, Four’ গানের সঙ্গে নাচতে দেখা যায়। এছাড়া একই নারীর ভিডিও ২০১৬ ও ২০২০ সালেও ইউটিউবে প্রকাশিত হওয়ার প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে, আলোচিত ভিডিওর নারীর চেহারার সঙ্গে ফাহমিদা হকের প্রকাশ্য ছবি তুলনা করলেও দুজনের মধ্যে দৃশ্যমান পার্থক্য পাওয়া যায়। পাশাপাশি, ভিডিওটি ফাহমিদা হকের—এমন কোনো নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন, মূল ভিডিও বা সংশ্লিষ্ট সূত্রও পাওয়া যায়নি।
আরও অনুসন্ধানে দেখা যায়, ‘Sakshi Rana’ নামে নিজেকে ভারতীয় মডেল হিসেবে পরিচয় দেওয়া এক নারী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ভিডিও প্রকাশ করে সেটি নিজের বলে উল্লেখ করেছেন। ফলে ভিডিওটির সঙ্গে ফাহমিদা হকের কোনো সম্পর্ক থাকার দাবিটি আরও অসংগতিপূর্ণ হয়ে পড়ে।
অর্থাৎ, ২০১৫ সাল থেকে ইন্টারনেটে থাকা ভিন্ন এক নারীর পুরোনো নাচের ভিডিওকে সাম্প্রতিক সময়ের ফাহমিদা হকের ভিডিও হিসেবে ভুল পরিচয়ে প্রচার করা হয়েছে।

