সম্প্রতি দেশের একাধিক মূলধারার সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়, বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’ জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। এসব খবরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভ্যন্তরীণ একটি ‘গোপন বার্তা’র কথাও উল্লেখ করা হয়, যেখানে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়ার দাবি করা হয়েছে।
তবে ‘ফ্যাক্ট রিভিউ’-এর অনুসন্ধানে দেখা যায়, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সম্প্রতি বোমা হামলার সুনির্দিষ্ট হুমকিসংক্রান্ত কোনো ‘হাই অ্যালার্ট’ বা নির্দেশনা জারি করা হয়নি। ছড়িয়ে পড়া খবর এবং তথাকথিত গোপন বার্তাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।
দাবিটির সত্যতা যাচাইয়ে ‘ফ্যাক্ট রিভিউ’ পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে। পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম ‘ফ্যাক্ট রিভিউ’-কে নিশ্চিত করেন যে, সম্প্রতি এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি জানান, বেশ কয়েক সপ্তাহ আগে বিভিন্ন স্থাপনা ও যানবাহনের নিরাপত্তার জন্য একটি সাধারণ সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছিল, যা রুটিন ওয়ার্কের অংশ। সরাসরি বোমা হামলার কোনো সুনির্দিষ্ট মেসেজ সদর দফতর থেকে দেওয়া হয়নি।
আরও অনুসন্ধানে দেখা যায়, সংবাদমাধ্যমগুলোতে যে হোয়াটসঅ্যাপ ‘গোপন বার্তা’র কথা বলা হয়েছে, তার কোনো অস্তিত্ব বা প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন ‘ফ্যাক্ট রিভিউ’-কে জানান, হাই অ্যালার্ট জারির খবরটি সঠিক নয় এবং পুলিশের কোনো শাখা থেকেই এমন বার্তা দেওয়া হয়নি; এটি মূলত গুজব। ইতোমধ্যে সত্যতা জানতে পেরে বেশ কয়েকটি সংবাদমাধ্যম তাদের পূর্বের প্রতিবেদন সরিয়ে নিয়েছে অথবা শিরোনাম পরিবর্তন করে বিষয়টিকে ‘গুজব’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে।

