সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এক তিন মাস বয়সী শিশুর শারীরিক গঠন ৬৫ বছর বয়সী বৃদ্ধের মতো। পোস্টগুলোতে শিশুটির নাম আরহাম এবং তার মায়ের নাম লাকিমনি বেগম বলেও উল্লেখ করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটির সঙ্গে তারাকান্দার কোনো শিশুর বাস্তব ঘটনার সম্পর্ক নেই। ছবিটি কোনো তিন মাস বয়সী শিশুর আসল ছবি নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
ছবিটির উৎস ও সত্যতা যাচাই করে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে তারাকান্দায় এমন কোনো শিশুর অস্তিত্বের তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করা হলে সম্প্রতি এলাকায় এ ধরনের কোনো ঘটনা তাদের নজরে আসেনি বলে জানানো হয়।
এছাড়া, ছবিটি এআই শনাক্তকরণে একাধিক টুলে পরীক্ষা করা হলে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বলে ফল পাওয়া যায়। ছবিতে এআই-নির্মিত কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিন্থআইডি ওয়াটারমার্কের উপস্থিতিও শনাক্ত করা হয়েছে।

