হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সাদা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। ভিডিওটি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার দৃশ্য দাবি করে প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। ভিডিওতে হামলার শিকার ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারী নন। প্রকৃতপক্ষে, তিনি এনসিপির হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন।
অনুসন্ধানে Channel H নামের একটি ফেসবুক পেজে ভিন্ন কোণ থেকে ধারণ করা একই ঘটনার আরও পরিষ্কার একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, হামলার শিকার ব্যক্তির চেহারার সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর চেহারার মিল নেই। অর্থাৎ, ভিডিওতে থাকা ব্যক্তিকে নাসীরুদ্দীন পাটওয়ারী হিসেবে শনাক্ত করার কোনো ভিত্তি পাওয়া যায়নি।
পরবর্তীতে এনসিপি নেতা মশিউর রহমানের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে একই ব্যক্তিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের পাশে দেখা যায়। ভিডিওতে সারজিস আলম তাকে এনসিপির হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেন। এই সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাচাই করে জানা যায়, তিনি মাহবুবুল বারী চৌধুরী মুবিন, এনসিপির হবিগঞ্জ জেলার সদস্য সচিব।
এছাড়া, এনসিপির একটি স্থানীয় ফেসবুক পেজে হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুল বারী চৌধুরী মুবিনের ছবিও পাওয়া যায়। এসব তথ্য ও ভিডিও বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায়, আলোচিত ভিডিওতে হামলার শিকার ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারী নন।

