সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রামণি-এর একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে দাবি করা হয়, ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনে হামলার প্রতিবাদে ৩০ হাজারেরও বেশি জওয়ান পদত্যাগ করেছেন এবং এ বিষয়ে জেনারেল সুব্রামণি আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, জেনারেল এন এস রাজা সুব্রামণির একটি আসল ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভয়েসওভার যুক্ত করে বিভ্রান্তিকর ভিডিওটি তৈরি করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাই করতে ভারতীয় মূলধারার গণমাধ্যম, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং সামরিক বাহিনীর নির্ভরযোগ্য সূত্র পর্যালোচনা করা হলেও শিক্ষার্থী আন্দোলনের প্রতিবাদে ৩০ হাজার জওয়ানের পদত্যাগ কিংবা এ বিষয়ে চিফ অব ডিফেন্স স্টাফের কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে অনুসন্ধানে ভারতের ইস্টার্ন কমান্ড-এর অফিসিয়াল এক্স (X) অ্যাকাউন্টে প্রকাশিত মূল ভিডিওটি শনাক্ত করা যায়। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, প্রচারিত ভিডিওতে ব্যবহৃত দৃশ্য মূল ভিডিওর সঙ্গে অভিন্ন হলেও বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। মূল ভিডিওতে জেনারেল সুব্রামণি ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ-এ অংশগ্রহণকারী দলগুলোর প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেখানে শিক্ষার্থী আন্দোলন, জওয়ানদের পদত্যাগ বা সেনাসদস্যদের সন্তানদের নিরাপত্তা নিয়ে কোনো মন্তব্যই নেই।
এছাড়া, আলোচিত ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ বিশ্লেষণ করলে এতে ব্যবহৃত কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হওয়ার উচ্চ সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ, আসল ভিডিওর ওপর এআই-নির্মিত অডিও সংযোজন করে বিভ্রান্তিকর বার্তা প্রচার করা হয়েছে।
সুতরাং, ভারতে শিক্ষার্থী আন্দোলনের প্রতিবাদে ‘৩০ হাজার জওয়ান পদত্যাগ করেছেন’— এমন দাবিতে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফের নামে প্রচারিত ভিডিওটি সম্পাদিত। প্রকৃতপক্ষে, একটি পুরোনো ভিডিওতে এআই-নির্মিত ভয়েসওভার যুক্ত করে সম্পূর্ণ মিথ্যা দাবি ছড়ানো হয়েছে।

