সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব ও ডেইলি ওয়াদা–এর সম্পাদক শফিকুল আলমের ছবি সংযুক্ত দুটি ফটোকার্ড ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ফটোকার্ডগুলোতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন— “দেশপ্রেম মাপার মানদণ্ড হলো জুলাই। যে যত বেশি জুলাইকে ভালোবাসে সে তত বড় দেশপ্রেমিক” এবং “জুলাইকে নিয়ে যারা হাসাহাসি করে, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না।”
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্য দু’টির কোনো সত্যতা নেই। প্রকৃতপক্ষে, শফিকুল আলম এমন কোনো বক্তব্য দেননি। তার নামে প্রচারিত দাবিগুলোর পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম, নির্ভরযোগ্য সংবাদসূত্র কিংবা তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
দাবিগুলোর উৎস অনুসন্ধান করে দেখা যায়, এগুলোর সূত্রপাত একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্ট থেকে। পরবর্তীতে সেই ব্যঙ্গাত্মক কনটেন্টের প্রেক্ষাপট বাদ দিয়ে বাস্তব বক্তব্য হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়, যার ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়।
সাধারণত শফিকুল আলমের মতো পরিচিত কোনো ব্যক্তি এ ধরনের রাজনৈতিকভাবে আলোচিত মন্তব্য করলে তা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এ বিষয়ে এমন কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

