Google search engine
HomeOthersদ্য সিম্পসনস কার্টুনে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল বা পর্তুগালের শিরোপা জয়ের পূর্বাভাস...

দ্য সিম্পসনস কার্টুনে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল বা পর্তুগালের শিরোপা জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়ে পড়েছে যে জনপ্রিয় মার্কিন অ্যানিমেটেড সিরিজ ‘দ্য সিম্পসনস’ ১৯৯৭ সালের একটি পর্বে নাকি ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল সম্পর্কে পূর্বাভাস দিয়েছিল। প্রচারিত পোস্টগুলোতে বলা হচ্ছে, ওই পর্বে যুক্তরাষ্ট্রের স্প্রিংফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেক্সিকোর বিপক্ষে পর্তুগাল জয়ী হয়ে বিশ্বকাপ ট্রফি জিতে নেয়—এবং এটি ছিল নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভাব্য বিশ্বকাপ জয়ের ইঙ্গিত।

অনুসন্ধানে দেখা যায়, এসব দাবির কোনো ভিত্তি নেই। প্রকৃতপক্ষে, দ্য সিম্পসনস-এর কোনো পর্বেই ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল, পর্তুগালের শিরোপা জয় কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের কোনো ভবিষ্যদ্বাণী করা হয়নি।

ভাইরাল দাবিতে যে দৃশ্যটি ব্যবহার করা হয়েছে, সেটি মূলত ‘The Cartridge Family’ নামের পর্বের একটি অংশ, যা সিরিজের নবম সিজনের পঞ্চম পর্ব এবং প্রথম প্রচারিত হয় ২ নভেম্বর ১৯৯৭ সালে। ওই পর্বে স্প্রিংফিল্ডে একটি কাল্পনিক ফুটবল ম্যাচের বিজ্ঞাপন দেখানো হয়, যেখানে মেক্সিকো ও পর্তুগালের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচের কথা বলা হয়। তবে সেখানে এটিকে কখনোই বিশ্বকাপ ম্যাচ হিসেবে উল্লেখ করা হয়নি এবং ২০২৬ সাল বা কোনো টুর্নামেন্ট ফাইনালের প্রসঙ্গও নেই।

পর্বটির বিস্তারিত অংশ পর্যালোচনায় দেখা যায়, ম্যাচটি স্প্রিংফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত দর্শকদের বিশৃঙ্খলার কারণে খেলা সম্পূর্ণভাবে শেষ করা যায় না। কোথাও কোনো বিজয়ী দল ঘোষণা করা হয়নি এবং ট্রফি প্রদানের দৃশ্যও দেখানো হয়নি।

এছাড়া আলোচিত পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো উপস্থিতি বা উল্লেখও নেই। ফলে তার বিশ্বকাপ জয়ের “ইঙ্গিত” থাকার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও দেখা যায়, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত ভেন্যু যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম, যা আলোচিত কার্টুন দৃশ্যে দেখানো কাল্পনিক স্প্রিংফিল্ড স্টেডিয়ামের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।

অতীতেও একই দৃশ্য ব্যবহার করে বিভিন্ন সময় বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে, যা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে।

সুতরাং, দ্য সিম্পসনস কার্টুনে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল বা পর্তুগালের শিরোপা জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular