Google search engine
HomePoliticsপহেলা বৈশাখ উপলক্ষে ২৫০০ টাকা প্রদানের নামে ছড়ানো এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা,...

পহেলা বৈশাখ উপলক্ষে ২৫০০ টাকা প্রদানের নামে ছড়ানো এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং প্রতারণামূলক। ব্যবহারকারীদের এ ধরনের লিংক থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখ উপলক্ষে নাগরিকদের জন্য ২৫০০ টাকা ‘বৈশাখী বোনাস’ প্রদান করছেন। পোস্টে আরও বলা হচ্ছে, নির্দিষ্ট একটি লিংকে রেজিস্ট্রেশন করলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে।

তবে যাচাই-বাছাই করে দেখা গেছে, এই দাবির কোনো বাস্তব ভিত্তি নেই। সরকার বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের কোনো আর্থিক সহায়তা বা বোনাস ঘোষণার তথ্য মূলধারার গণমাধ্যম, সরকারি ওয়েবসাইট কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত লিংকটি একটি ভুয়া ও প্রতারণামূলক ওয়েবসাইটের সঙ্গে যুক্ত। ব্যবহারকারী লিংকে প্রবেশ করলে তাকে একটি ফরম পূরণের জন্য প্রলুব্ধ করা হয়, যেখানে মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিতে বলা হয়। পরবর্তীতে “কনফারমেশন” সম্পন্ন করার পর ২৪ ঘণ্টার মধ্যে অর্থ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু বাস্তবে লিংকটিতে কোনো বৈধ সরকারি আবেদন প্রক্রিয়া নেই ।

এছাড়া, সংশ্লিষ্ট ওয়েবসাইটটির ডোমেইন (incomebd.online) সরকারি ডোমেইনের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশ সরকারের অফিসিয়াল সাইট সাধারণত “.gov.bd” ডোমেইনে পরিচালিত হয়, যা এখানে অনুপস্থিত।

উল্লেখ্য, এ ধরনের ভুয়া লিংকের মাধ্যমে অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক, ব্যক্তিগত তথ্য চুরি এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলের ঘটনাও ঘটেছে।

সুতরাং, পহেলা বৈশাখ উপলক্ষে ২৫০০ টাকা প্রদানের নামে ছড়ানো এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং প্রতারণামূলক। ব্যবহারকারীদের এ ধরনের লিংক থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular