সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়—সন্ধ্যার পর বাসাবাড়িতে অপ্রয়োজনে লাইট ও ফ্যান ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তদারকি করবে।
তবে বিষয়টি যাচাই করে বিএনপি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, এই বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া, মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবে রুহুল কবির রিজভীর নামে এ ধরনের ভিত্তিহীন বক্তব্য প্রচার করছে, যার কোনো বাস্তবতা নেই।
এছাড়া, প্রাসঙ্গিক অনুসন্ধানেও দেখা গেছে, মূলধারার কোনো গণমাধ্যম, দলীয় অফিসিয়াল সূত্র বা রিজভীর নিজস্ব বক্তব্যে এমন কোনো নির্দেশনার অস্তিত্ব নেই।
রুহুল কবির রিজভী দেশবাসীসহ বিএনপি নেতা-কর্মীদের এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সুতরাং, সন্ধ্যার পর বাসাবাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রিজভীর নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

