সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বিএনপি করার কারণে জামায়াতের নেতাকর্মীরা এক বিএনপি সমর্থককে মারধর করে পানিতে চুবিয়েছেন। ভিডিওতে দেখা যায়, এক যুবক লাঠি দিয়ে একজন ব্যক্তিকে মারধর করছেন এবং জোর করে পানিতে নামিয়ে অজু–গোসল করতে বাধ্য করছেন।
তবে যাচাই-বাছাই করে দেখা গেছে, প্রচারিত দাবিটি সঠিক নয় এবং ঘটনাটি ভিন্ন প্রেক্ষাপটের।
তথ্য অনুযায়ী, ঘটনাটি রাজশাহীর পুঠিয়া উপজেলার। সেখানে কাঠমিস্ত্রি মইদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে মারধর করা হয় এবং জোর করে পুকুরে নামিয়ে ‘অজু–গোসল’ করানো হয়।
এ ঘটনায় পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হোসেন লাঠি দিয়ে মইদুল ইসলামকে মারধর করেন এবং পানিতে ডুব দিয়ে ‘ভুল’ স্বীকার করতে বাধ্য করেন বলে জানা গেছে।
আলী হোসেন নিজেও ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন। ফলে বিএনপি করার কারণে জামায়াতের নেতাকর্মীদের হাতে ওই ব্যক্তি নির্যাতনের শিকার হয়েছেন, এমন দাবি বিভ্রান্তিকর।

