সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী নিজেই ভোট দিতে পারেননি—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন কিন্তু ভেতরে প্রবেশের পর তাকে জানানো হয় তার ভোট ইতোমধ্যে দেওয়া হয়ে গেছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, এই বক্তব্যটি সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নয়। বরং তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছিলেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের একটি প্রতিবেদনে তার পূর্ণ বক্তব্য পাওয়া যায়। ১২ ফেব্রুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৮ সালে তিনি ভোট দিতে কেন্দ্রে গেলে তাকে জানানো হয় তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে এবং এরপর তিনি সেখান থেকে চলে যান।
অর্থাৎ বর্তমানে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, সেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত নয়। এটি ২০১৮ সালের নির্বাচন নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণা।
ফলে ডিএমপি কমিশনার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি—এমন দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
তথ্যসূত্র:

