সম্প্রতি ভারত থেকে পরিচালিত কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দাবি ছড়ানো হয়—ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইল নাকি বাংলাদেশকে ‘ছেঁচড়া জাত’ ও ‘শকুনের মতো সুযোগসন্ধানী’ বলে মন্তব্য করেছেন।
তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই। আলোচিত পোস্টগুলোতে গেইলের বক্তব্যের কোনো উৎস উল্লেখ করা হয়নি এবং প্রাসঙ্গিক কী–ওয়ার্ড সার্চ করেও দেশি বা আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমে এমন মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
এ ছাড়া ক্রিস গেইলের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যালোচনা করেও এ ধরনের কোনো বক্তব্যের প্রমাণ মেলেনি। বাস্তবতা হলো—বিশ্বকাপের মতো সংবেদনশীল বিষয়ে তিনি এমন মন্তব্য করলে তা অবশ্যই বড় সংবাদমাধ্যমে প্রকাশ পেত।
সব মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে, বাংলাদেশকে নিয়ে গেইলের নামে ছড়ানো এই বক্তব্য সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। অর্থাৎ বিশ্বকাপ প্রসঙ্গে বাংলাদেশকে ‘ছেঁচড়া’ বা ‘শকুন’ বলার দাবি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছাড়া কিছুই নয়।

