চলতি নভেম্বর মাসে পাবনা, কুষ্টিয়া, মাগুরা সহ বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়—গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার সঙ্গে জড়িত বিএনপি নেতাকর্মীদের পুলিশ আটক করেছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, এটি বাস্তব গ্রেপ্তার নয়—ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি। গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে বিএনপি নেতাকর্মী আটক–সম্পর্কিত তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটির নিচের ডান কোণে ‘Veo’ নামে একটি জলছাপ দেখা যায়, যা গুগলের এমন এক এআই টুল—যা টেক্সট থেকে ৮ সেকেন্ডের ভিডিও তৈরি করে। আলোচিত ভিডিওটির দৈর্ঘ্যও ঠিক ৮ সেকেন্ড। Hive Moderation–এর পরীক্ষায় ভিডিওটি এআই–জেনারেটেড হওয়ার সম্ভাবনা পাওয়া যায় ৯৯%।
অতএব, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতাকর্মী আটক হয়েছে—এই দাবি পুরোপুরি মিথ্যা এবং এআই–নির্মিত ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা।

