সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখানো হচ্ছে এক ব্যক্তি মেট্রোরেল লাইনের ওপর থেকে নিচে লাফিয়ে আত্মহত্যা করেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘মিরপুর ১৩’। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও।
মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটার প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওতে কিছু অসামঞ্জস্য লক্ষ্য করা যায়, যেমন: স্টেশনের নামের বিকৃত অক্ষর, বাংলায় ‘মিরপুর ১৩’ এবং ইংরেজিতে ‘Mirpur 10’ লেখা, মানুষের অস্বাভাবিক চলাচল এবং বিলবোর্ডের অসংলগ্ন লেখা। এছাড়া বাস্তবে মিরপুর ১৩ এলাকায় কোনো মেট্রো স্টেশনও নেই।
এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করলে দেখা গেছে, ভিডিওটি প্রায় শতভাগ এআই-তৈরি।
সুতরাং, ভিডিওটিতে দেখানো মেট্রোরেল লাইন থেকে লাফ দিয়ে আত্মহত্যার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া।

