সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়—একজন বিজিবি সদস্য বিএসএফের মারধরে গুরুতর আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে ভারতীয় কয়েকটি ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে ঘটনাটিকে সীমান্তে বিজিবি-বিএসএফ সংঘর্ষের ফলাফল হিসেবে উপস্থাপন করা হয়।
তবে বিস্তারিত অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ভিডিওতে দেখা যাওয়া সদস্যের নাম হাবিলদার মো. এলাহান মিয়া, যিনি বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) সদস্য। গত ৬ জুন সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ শারীরিক অসুস্থতায় আক্রান্ত হন। পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়।
অনুসন্ধানে আরও দেখা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সীমান্তে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা থাকলেও আলোচিত ভিডিওর সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংঘর্ষ, হামলা বা বিএসএফের মা‘র‘ধরের ঘটনা কোনো দেশীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়নি। ভারত কিংবা বাংলাদেশের কোনো নির্ভরযোগ্য সূত্রেও এমন ঘটনার তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষণে আরও প্রতীয়মান হয় যে, ভিডিওটি মূলত ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো থেকেই ছড়িয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশ ও বিজিবিকে নেতিবাচকভাবে উপস্থাপনের উদ্দেশ্যে বিভ্রান্তিকর বর্ণনা যুক্ত করা হয়েছে।
সুতরাং, বিএসএফের মারধরে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা। প্রকৃতপক্ষে, ভিডিওতে দেখা যাওয়া বিজিবি সদস্য অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল।

