সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর নামে একটি বক্তব্য সম্বলিত ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন—‘ফয়সালকে রিমান্ডে নিয়ে জজমিয়া নাটক সাজিয়ে ইনকিলাব মঞ্চ ও জুলাই যোদ্ধাদের ফাঁসানো হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান নেমে আসবে।’
তবে যাচাই-বাছাই ও অনুসন্ধানে দেখা গেছে, হাসনাত আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, অফিসিয়াল বিবৃতি বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে কোনো গ্রহণযোগ্য সূত্র উল্লেখ নেই। পাশাপাশি প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধান এবং হাসনাত আবদুল্লাহর অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনাতেও এই বক্তব্যের সত্যতা মেলেনি।
অনুসন্ধানে আরও জানা যায়, একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই এই বিভ্রান্তিকর তথ্যের সূত্রপাত। পরবর্তীতে সেটিকে বাস্তব বক্তব্য হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
সুতরাং, হাসনাত আবদুল্লাহ ‘ফয়সালকে রিমান্ডে নিয়ে জজমিয়া নাটক সাজিয়ে ইনকিলাব মঞ্চ ও জুলাই যোদ্ধাদের ফাঁসানো হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান নেমে আসবে’—এমন মন্তব্য করেছেন বলে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

