সম্প্রতি, ‘শেখ হাসিনার যে উন্নয়ন সেটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শীর্ষক শিরোনামে আরটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ‘শেখ হাসিনার যে উন্নয়ন সেটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না।’ শিরোনামে আরটিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং তারেক রহমানও এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষনে দেখা যায়, ফটোকার্ডটি আরটিভির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ০৬ অক্টোবর, ২০২৬ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২১ সেপ্টেম্বর “জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী” শিরোনামে প্রধানমন্ত্রীর মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড আরটিভির পেজে খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে, আলোচিত ফটোকার্ডটিতে শিরোনামের স্থলে “শেখ হাসিনার যে উন্নয়ন সেটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না প্রধানমন্ত্রী ” শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, শিরোনামে ব্যবহৃত ফন্টেও অমিল পরিলক্ষিত হয়।
অর্থাৎ, আরটিভির এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো সংবাদমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘শেখ হাসিনার যে উন্নয়ন সেটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না।’ শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

