সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ছবিগুলোতে একদল মোটরসাইকেল আরোহীকে পাকিস্তানের পতাকা হাতে শোডাউন করতে দেখা যাচ্ছে। ছবিগুলো বাস্তব ঘটনার দৃশ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিগুলো বাস্তব নয়। প্রকৃতপক্ষে, মূল ছবিতে থাকা কালেমা খচিত পতাকা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অপসারণ করে তার স্থানে পাকিস্তানের পতাকা সংযোজন করে সম্পাদিত ছবি প্রচার করা হয়েছে।
যাচাইয়ে এ ধরনের কোনো মোটরসাইকেল শোডাউনের নির্ভরযোগ্য তথ্য দেশীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত ছবির উৎস অনুসন্ধান করে একটি ভিডিও ফুটেজের সন্ধান পাওয়া যায়, যেখানে একই ব্যক্তি, পোশাক, মোটরসাইকেল এবং দৃশ্যের সঙ্গে হুবহু মিল থাকলেও অংশগ্রহণকারীদের হাতে পাকিস্তানের পতাকার পরিবর্তে কালেমা খচিত পতাকা দেখা যায়।
মূল ভিডিওর সঙ্গে ভাইরাল ছবিগুলোর তুলনামূলক বিশ্লেষণেও স্পষ্ট হয়, পতাকার অংশটি ডিজিটালভাবে পরিবর্তন করা হয়েছে এবং এরপর সেটিকেই বাস্তব ছবি হিসেবে প্রচার করা হচ্ছে।
সুতরাং, পাকিস্তানের পতাকা হাতে মোটরসাইকেল শোডাউনের দাবিতে প্রচারিত ছবিগুলো সত্য নয়। প্রকৃতপক্ষে, মূল ছবিতে থাকা কালেমা খচিত পতাকার পরিবর্তে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পাকিস্তানের পতাকা সংযোজন করে সম্পাদিত ছবি প্রচার করা হয়েছে।

