সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন।
তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি পুরোনো ছবিকে ডিজিটাল সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
যাচাই করে দেখা যায়, এনসিপির নেত্রী মায়িদা ইকবাল শর্মীর ফেসবুক প্রোফাইলে পূর্বে প্রকাশিত একটি ছবির সঙ্গে ভাইরাল ছবিটির পটভূমি, অবস্থান ও অন্যান্য পারিপার্শ্বিক উপাদানের স্পষ্ট মিল রয়েছে। তবে দুই ছবির নারীর চেহারা ও অবয়ব এক নয়, যা থেকে বোঝা যায় মূল ছবিতে পরিবর্তন আনা হয়েছে।
আরও বিশ্লেষণে দেখা যায়, মূল ছবিতে থাকা নারীর স্থানে অন্য একটি ছবি সংযোজন করে বিভ্রান্তিকর দৃশ্য তৈরি করা হয়েছে। অর্থাৎ, এটি কোনো বাস্তব ঘটনার ছবি নয়; বরং একটি সম্পাদিত ছবি।
বিশ্লেষণে প্রতীয়মান হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও সামাজিকভাবে বিব্রত করার উদ্দেশ্যে একটি পুরোনো ছবিকে সম্পাদনা করে নতুন দাবি প্রচার করা হচ্ছে।
সুতরাং, নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে এক নারীর আপত্তিকর দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত এবং বিভ্রান্তিকর

