সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যালট পেপারের ছবি ছড়িয়ে দাবি করা হয়েছে—‘রাতের ভোট’ আগে ছিল শুধু ‘বয়ান’; এখন পাওয়া গেল ‘প্রমাণ’। ঝালকাঠি-২ আসনে সিল মারার প্রমাণ দেখুন! ছবিতে দাঁড়িপাল্লা প্রতীকে সিল দেওয়া একটি ব্যালট দেখা যায় এবং সেটিকে কেন্দ্রভিত্তিক কারচুপির প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।
তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি বিভ্রান্তিকর। ভাইরাল হওয়া ব্যালট পেপারটি সাধারণ ভোটকেন্দ্রে ব্যবহৃত ব্যালট নয়; এটি একটি পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট ডাক বিভাগের মাধ্যমে নির্বাচনের আগেই প্রবাসী ভোটার ও নির্দিষ্ট সরকারি কর্মজীবীদের কাছে পাঠানো হয়, যাতে তারা নির্ধারিত নিয়মে আগাম ভোট প্রদান করতে পারেন।
ব্যালট পেপারের ওপর স্পষ্টভাবে বড় অক্ষরে ‘পোস্টাল ব্যালট পেপার’ লেখা রয়েছে, যা থেকে এর প্রকৃতি সহজেই বোঝা যায়। সেটিকে কেন্দ্রের সাধারণ ব্যালট হিসেবে উপস্থাপন করে ‘রাতের ভোটের প্রমাণ’ দাবি করা বাস্তবতাকে বিকৃত করার শামিল।
অতএব, ঝালকাঠি-২ আসনে সিল মারার প্রমাণ হিসেবে যে ছবি প্রচার করা হচ্ছে, তা আসলে পোস্টাল ব্যালটের ছবি; ফলে আলোচিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

