
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে একটি বক্তব্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। সেখানে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, “মা-বোনদের বলবো শুধুমাত্র বিদ্যুৎ বা গ্যাসের অপেক্ষায় বসে না থেকে আপনারা মাটির চুলায় রান্না করুন। এতে পরিবেশ ও স্বাস্থ্য দুটোই সুরক্ষিত থাকবে!”—এমন দাবি বিভিন্ন ফটোকার্ড ও পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে জানা যায়, ইকবাল হাসান মাহমুদ টুকু এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, ভিডিও, সংবাদ প্রতিবেদন, সংবাদ সম্মেলনের রেকর্ড কিংবা সরকারি বিবৃতি পাওয়া যায়নি।
বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলেও কোনো মূলধারার গণমাধ্যম, সরকারি দপ্তর বা মন্ত্রীর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বক্তব্যের অস্তিত্ব মেলেনি। একইভাবে, মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য, সংবাদ সম্মেলন ও প্রকাশিত বিবৃতিগুলো পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সাধারণত বিদ্যুৎ ও গ্যাসের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কোনো মন্ত্রীর এমন মন্তব্য করলে তা জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে উদ্ধৃত হয়। কিন্তু আলোচিত বক্তব্যের ক্ষেত্রে এমন কোনো প্রামাণ্য উৎস পাওয়া যায়নি। বরং কোনো প্রমাণ ছাড়াই বক্তব্যটি তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

