সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—“১৯৭৫ জিয়াউর রহমান কে জন্ম দিয়েছে আর ২০২৪ আমাকে জন্ম দিয়েছে।” ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ হিসেবে ২৩ জানুয়ারি ২০২৬ উল্লেখ ছিল।
তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। কালের কণ্ঠের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট পর্যালোচনা করেও এমন কোনো বক্তব্য বা প্রতিবেদন পাওয়া যায়নি।
অনুসন্ধানে একই ছবি ব্যবহার করে ভিন্ন শিরোনামের একটি আসল ফটোকার্ড খুঁজে পাওয়া যায়, যেখানে লেখা ছিল—“৭১-এর স্বাধীনতা ২৪-এ রক্ষা হয়েছে : তারেক রহমান।” শিরোনাম বাদে বাকি সব উপাদানের সঙ্গে ভাইরাল ফটোকার্ডটির মিল রয়েছে।
এছাড়া অন্য কোনো নির্ভরযোগ্য মাধ্যমেও তারেক রহমানের উদ্ধৃতিতে আলোচিত বক্তব্যের অস্তিত্ব মেলেনি। ফলে স্পষ্ট হয়, মূল ফটোকার্ডের শিরোনাম ডিজিটালভাবে সম্পাদনা করেই ভাইরাল সংস্করণটি তৈরি করা হয়েছে। অতএব, কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত ও বিভ্রান্তিকর।
তথ্যসূত্র:
আসল ফটোকার্ড: https://www.facebook.com/share/p/1DaGLaeDe6/

