সম্প্রতি বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি যুক্ত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এতে দাবি করা হয়, তিনি বলেছেন—বিএনপি উন্নয়ন করার পর দুর্নীতি করেছে, আর আওয়ামী লীগ শুধু দুর্নীতিই করেছে। এই দাবিটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী এটিকে সত্য হিসেবে প্রচার করতে থাকেন।
তবে অনুসন্ধানে জানা গেছে, তারেক রহমান এ ধরনের কোনো মন্তব্য করেননি। দাবিটির পক্ষে কোনো মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি। তার সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার বা ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
আরও অনুসন্ধানে দেখা যায়, ‘Daily Mollar Desh’ নামের একটি ফেসবুক পেজ প্রথমে এই ফটোকার্ডটি প্রকাশ করে। পেজটির অ্যাবাউট সেকশনে এটিকে Satire/Parody বা ব্যঙ্গধর্মী কনটেন্ট প্রকাশকারী পেজ হিসেবে উল্লেখ করা হয়েছে। অতীতেও এই পেজ থেকে একাধিক ব্যঙ্গাত্মক ও তথ্যপ্রমাণহীন পোস্ট প্রকাশের নজির রয়েছে।
অর্থাৎ, একটি ব্যঙ্গাত্মক পেজের কনটেন্টকে বাস্তব মন্তব্য হিসেবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। ফলে তারেক রহমান উল্লিখিত মন্তব্য করেছেন—এ দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

