সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—শামা ওয়াবেদ নাকি ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করেছেন। “চোখ নিচু করে কথা বলতে হবে” ধরনের বক্তব্য তার নামে প্রচার করে পোস্টটি বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তির সৃষ্টি করে।
তবে তথ্য যাচাইয়ে এমন কোনো বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। মূলধারার কোনো গণমাধ্যম, নির্ভরযোগ্য সূত্র কিংবা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের অফিসিয়াল প্ল্যাটফর্মে এই ধরনের মন্তব্যের অস্তিত্ব নেই।
অনুসন্ধানে আরও দেখা যায়, আলোচিত ফটোকার্ডটি একটি অনির্ভরযোগ্য সোশ্যাল মিডিয়া পেজ থেকে প্রচারিত হয়েছে, যার তথ্যের কোনো প্রামাণিক ভিত্তি নেই। ফটোকার্ডটির ডিজাইন ও ভাষা বিশ্লেষণেও এটি ইচ্ছাকৃতভাবে তৈরি ও প্রচারিত অপপ্রচার বলে প্রতীয়মান হয়।
সব মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, শামা ওয়াবেদের নামে ছড়ানো এই বক্তব্য সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

