‘জুলাই স্মৃতি জাদুঘরের ১১০ কোটি টাকা লুটপাটের অভিযোগ ফারুকীর বিরুদ্ধে’—এমন শিরোনামে প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আলোচিত ফটোকার্ডটি যাচাই করে দেখা গেছে, এটি প্রথম আলো প্রকাশ করেনি।
অনুসন্ধানে প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যালোচনা করে উক্ত শিরোনাম বা ফটোকার্ডের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতেও সাবেক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীর বিরুদ্ধে জুলাই স্মৃতি জাদুঘরের ১১০ কোটি টাকা লুটপাটের অভিযোগ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
এ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, আলোচিত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। প্রথম আলোর লোগো ও ডিজাইন ব্যবহার করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে, যার সঙ্গে প্রথম আলোর কোনো সংশ্লিষ্টতা নেই।

