সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নামে একটি মন্তব্য ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—“আমার ওপর হামলার পরে আমার নামে টাকা তুলে হাদি খেয়েছে।” মন্তব্যটি বাংলাভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ডে প্রচার করা হয়।
তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, নুরুল হক নুর এ ধরনের কোনো মন্তব্য করেননি এবং বাংলাভিশনও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, বাংলাভিশনের একটি ভিন্ন ফটোকার্ড ডিজিটালভাবে সম্পাদনা করে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূলত ২০ ডিসেম্বর বাংলাভিশনের মূল ফটোকার্ডে নুরুল হক নুরের বক্তব্য ছিল—“আমার ওপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না।” সেই আসল ফটোকার্ডের ছবি ও ডিজাইন অপরিবর্তিত রেখে কেবল শিরোনাম পাল্টে ভুয়া দাবি যুক্ত করা হয়েছে।
অতএব, “আমার ওপর হামলার পরে আমার নামে টাকা তুলে হাদি খেয়েছে” শিরোনামে বাংলাভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত ও বিভ্রান্তিকর, যার কোনো বাস্তব ভিত্তি নেই।
তথ্যসূত্র:

